দীঘা-দার্জিলিঙে স্পেশাল ট্রমা সেন্টার, স্বাস্থ্যক্ষেত্রে বড় চমক আনলেন শুভেন্দু!
পর্যটকদের জন্য ট্রমা কেয়ার সেন্টার ও স্বাস্থ্যখাতে একগুচ্ছ বড় ঘোষণা রাজ্যের বাজেটে
কলকাতা: পর্যটনকেন্দ্রে দুর্ঘটনাজনিত শারীরিক আঘাত ও মানসিক ট্রমা মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ২০২৬ সালের পূর্ণাঙ্গ বাজেটে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদ্বত মুখোপাধ্যায় দীঘা, দার্জিলিং এবং ফারাক্কায় অত্যাধুনিক ‘অ্যাডভান্সড স্পেশালাইজড ট্রমা কেয়ার সেন্টার’ স্থাপনের ঘোষণা করেছেন। সম্প্রতি অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, পর্যটন এলাকায় নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে বাজেটে একগুচ্ছ জনকল্যাণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের দৈনিক খাবারের বরাদ্দ সাড়ে ৫৬ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা এবং বিভিন্ন হাসপাতালে ৫০ শতাংশ শয্যা বিনামূল্যে চিকিৎসার জন্য সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, আকাশছোঁয়া চিকিৎসা ব্যয় কমাতে রাজ্যে ‘আয়ুষ্মান ভারত’ ও ‘প্রধানমন্ত্রী অমৃত যোজনা’ পুরোদমে কার্যকর করা হবে। পাশাপাশি, মেডিক্যাল ট্যুরিজম প্রসারে বিদেশি রোগীদের জন্য এবং দক্ষিণ ভারতে চিকিৎসাধীন বাঙালিদের জন্য পিপিপি মডেলে থাকার সুব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে।