উত্তরবঙ্গের মন জয়ে কল্পতরু নতুন সরকার, প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ঢালাও উপহার!
রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেটে উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, চা শিল্প ও পরিকাঠামো উন্নয়নে ঢালাও বরাদ্দের মাধ্যমে উত্তরের এই উন্নয়নের রূপরেখা তৈরি করা হয়েছে। দীর্ঘ ১৫ বছর ধরে রাজনৈতিকভাবে বিজেপির ওপর উত্তরবঙ্গবাসীর ভরসার পূর্ণ স্বীকৃতি হিসেবেই এই বাজেটকে দেখছে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রী হিসেবে উত্তরবঙ্গে পা রেখেই শুভেন্দু অধিকারী উত্তরের প্রতি যে ঋণ শোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই বাজেটের মাধ্যমে তা বাস্তবায়নের পথে পদক্ষেপ নেওয়া হয়েছে।
শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে বাজেটে দূরদর্শী পদক্ষেপ নেওয়া হয়েছে। উত্তরবঙ্গে একটি আইআইটি, একটি আইআইএম, এইমস ও ক্যানসার হাসপাতাল গড়ে তোলার পাশাপাশি কালিম্পং, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরে তিনটি নতুন মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা করা হয়েছে। এছাড়া যোগাযোগ ব্যবস্থায় শিলিগুড়িতে মেট্রো পরিষেবার সম্ভাব্যতা যাচাই, নতুন বিমানবন্দর নির্মাণ ও কোচবিহার বিমানবন্দরের সম্প্রসারণের কথা বলা হয়েছে। পাশাপাশি হাসিমারা এয়ার বেসের জন্য ২৫ একর জমি বরাদ্দ এবং আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম তৈরির ঘোষণাও রয়েছে এই বাজেটে।
চা শিল্পের ঐতিহ্য রক্ষা ও শ্রমিকদের কল্যাণেও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চা বাগানের জমির বাণিজ্যিক ব্যবহারের ঊর্ধ্বসীমা ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে এবং শ্রমিকদের জন্য কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে চালু হচ্ছে ‘পিএম চা শ্রমিক যোজনা’। এছাড়া পর্যটনকে বিশ্বমানের করে তুলতে দার্জিলিংকে ইকো-অ্যাডভেঞ্চার ও হেরিটেজ হাব হিসেবে গড়ে তোলা, অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রসার এবং পুরনো চা বাংলোর হেরিটেজ ম্যাপিংয়ের মাধ্যমে ব্র্যান্ডিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।