বকখালির সৈকতে মিলল তরুণীর পুঁতে রাখা লাশ, নেপথ্যে কি বিবাহ বহির্ভূত সম্পর্ক!
দক্ষিণ ২৪ পরগনার বকখালি সমুদ্রসৈকত থেকে নিখোঁজ এক তরুণীর পুঁতে রাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ১৬ মে প্রেমিকের সঙ্গে ঘুরতে এসে নিখোঁজ হন আবিয়া বিবি নামের ওই তরুণী। দীর্ঘ তিন সপ্তাহ পর অভিযুক্ত প্রেমিক জিয়ারুল সর্দারকে গ্রেপ্তারের পর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয়। পুলিশি জেরায় জিয়ারুলের স্বীকারোক্তির ভিত্তিতে হেনরি আইল্যান্ড লাগোয়া সৈকতের বালি খুঁড়ে তরুণীর গলিত মরদেহটি উদ্ধার করা হয়।
তদন্তে জানা গেছে, বকখালিতে বেড়াতে গিয়ে আবিয়া বিবি নিখোঁজ হওয়ার পর তার পরিবার বকুলতলা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিল। সেই অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে গত বৃহস্পতিবার জিয়ারুলকে আটক করে পুলিশ। জেরার মুখে সে তরুণীকে হত্যার কথা স্বীকার করে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েন থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ধৃত যুবককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত তদন্ত করছে পুলিশ।