ঘুম ভাঙেনি অথচ মোবাইল হাতছাড়া, আজব অজুহাতে ট্রেনের চেন টেনে শ্রীঘরে ৫৮ যাত্রী!
অকারণে ট্রেনের জরুরি অ্যালার্ম চেন টানার প্রবণতা বাড়ায় পূর্ব রেলের পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। শুধুমাত্র মে মাসেই তুচ্ছ ও অদ্ভুত কারণে চেন টেনে ট্রেন থামানোর অভিযোগে মোট ৫৮ জন যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। রেলের তথ্য অনুযায়ী, গত মে মাসে এই ধরনের খামখেয়ালিপনার জেরে মোট ৮৬টি ট্রেনকে মাঝপথে আটকে থাকতে হয়েছে, যার মধ্যে আসানসোল ও হাওড়া ডিভিশনে ঘটনার প্রবণতা সবচেয়ে বেশি।
তদন্তে উঠে এসেছে, ঘুম ভেঙে গন্তব্য পেরিয়ে যাওয়ার ভীতি, ভুল ট্রেনে ওঠা, ট্রেনের চেনে ভারী ব্যাগ ঝোলানো কিংবা বাড়ির কাছাকাছি ট্রেন থামাতে যাত্রীরা অকারণে চেন টানছেন। এই দায়িত্বজ্ঞানহীন আচরণের ফলে আসানসোলে গড়ে ১৩ মিনিট, হাওড়ায় ১৪ মিনিট এবং মালদহ ও শিয়ালদহ ডিভিশনের কিছু অংশে ১৭ মিনিট পর্যন্ত ট্রেন দাঁড়িয়ে থাকছে, যা পুরো রেল সূচিকে বিপর্যস্ত করে তুলছে। রেল আইনের ১৪১ ধারা অনুযায়ী, উপযুক্ত কারণ ছাড়া চেন টানা একটি গুরুতর অপরাধ। এতে দোষী সাব্যস্ত ব্যক্তির সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড বা ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং পূর্ব রেল কর্তৃপক্ষ এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে বলে জানিয়েছে।