ডুরান্ড লাইন পেরিয়ে পাকিস্তানের ঘরে আফগান ড্রোন, গুঁড়িয়ে গেল আইএস ঘাঁটি!

সীমান্ত উত্তেজনার মধ্যেই আফগানিস্তানের তালিবান বাহিনী পাকিস্তানের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে। ডুরান্ড লাইন পেরিয়ে খাইবার পাখতুখোয়া ও বালোচিস্তানের বিভিন্ন এলাকায় চালানো এই হামলায় ইসলামিক স্টেট খোরাসান প্রোভিন্সের (ISIS-K) একাধিক ঘাঁটি ধ্বংস হওয়ার দাবি করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রক। গত সপ্তাহে আফগানিস্তানের খোস্ত, কুনার ও পাকতিকা অঞ্চলে পাকিস্তানি বিমান হামলার জবাবেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তালিবান সরকারের দাবি, পাকিস্তানের সীমান্তবর্তী গুলিস্তান, শাকার আব ও কাম্বার খেল এলাকায় আইএস জঙ্গিরা আফগানিস্তানের অভ্যন্তরে হামলার পরিকল্পনা করছিল, যা প্রতিহত করতেই এই সামরিক অভিযান চালানো হয়েছে। এর আগে ৯ জুন পাকিস্তানের বিমান হামলায় নারী ও শিশুসহ বহু নাগরিকের প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতেই এই ড্রোন হামলা সরাসরি প্রত্যাঘাত হিসেবে গণ্য করা হচ্ছে। এই সংঘাতের জেরে ডুরান্ড লাইন সংলগ্ন অঞ্চলে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে এবং জাতিসংঘের তথ্যমতে, লড়াইয়ের কারণে ৯৪ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। স্থানীয়ভাবে বহু স্বাস্থ্যকেন্দ্র ও মানবিক সহায়তা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নজিরবিহীন সংকটের মুখে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *