সই জাল কাণ্ডে সিআইডির নজরে কল্যাণ, ক্ষুব্ধ সাংসদের কড়া চিঠি বার কাউন্সিলে!

রাজ্যের বিধায়কদের সই জালিয়াতির অভিযোগে তৃণমূল কংগ্রেস সাংসদ ও বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের উদ্যোগ নিয়েছে সিআইডি। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে ফোনে জিজ্ঞাসাবাদের বিষয়টি জানানো হলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই পদক্ষেপের প্রতিবাদে তিনি কলকাতা হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছেন।

বার অ্যাসোসিয়েশনকে দেওয়া চিঠিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, আইনজীবী হিসেবে তৃণমূল কংগ্রেসের পক্ষে আইনি লড়াই চালানোই তাঁর অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। বিধানসভার স্পিকারের বিরুদ্ধে শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বিরোধী দলনেতার স্বীকৃতিকে চ্যালেঞ্জ জানানোর প্রেক্ষিতেই তাঁকে টার্গেট করা হয়েছে বলে তাঁর অভিযোগ। মক্কেলের হয়ে আদালতে সওয়াল করার সময় একজন আইনজীবীকে পুলিশের জেরার মুখে পড়ার বিষয়টি আইনজীবীর মর্যাদা ও বিশেষ অধিকারের পরিপন্থী বলে তিনি উল্লেখ করেছেন।

উল্লেখ্য, বিধানসভায় বিরোধী দলনেতার অনুমোদনের নথিতে বিধায়কদের সই জাল করার অভিযোগের ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। ইতিমধ্যে এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ বেশ কয়েকজন বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলার সঙ্গে যুক্ত আইনজীবীকে জিজ্ঞাসাবাদের এই উদ্যোগ ঘিরে আইনি মহলে ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *