দলবিরোধী কাজের কড়া সাজা, বিদ্রোহীদের ছেঁটে ফেলায় মরিয়া উদ্ধব শিবির!
মহারাষ্ট্রের রাজনীতিতে ফের ভাঙনের মুখে শিবসেনা (ইউবিটি)। দলের প্রধান উদ্ধব ঠাকরের নির্দেশ অমান্য করে শিবসেনার ছয় সাংসদ নতুন ফ্রন্ট গঠনের প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে। দলের চিফ হুইপ অনিল দেশাইয়ের ডাকা গুরুত্বপূর্ণ সংসদীয় বৈঠকে নয়জন সাংসদের মধ্যে মাত্র তিনজন উপস্থিত ছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে কঠোর আইনি ও সাংবিধানিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে উদ্ধব শিবির।
নির্দেশ অমান্য করার অভিযোগে অনুপস্থিত ছয় সাংসদকে শোকজ নোটিস পাঠানো হয়েছে। প্রবীণ সাংসদ অরবিন্দ সাওয়ান্ত জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব না মিললে বিদ্রোহীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, শৃঙ্খলামূলক প্রক্রিয়ার পাশাপাশি বিদ্রোহী সাংসদদের পদ খারিজের আবেদন নিয়ে লোকসভার স্পিকারের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে উদ্ধব শিবির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন বিধান পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের পরেই সঞ্জয় বান্দু যাদবের নেতৃত্বে এই বিদ্রোহী গোষ্ঠী নতুন কোনো ফ্রন্ট হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।