ই২০ পেট্রোলে পিঁপড়ের উপদ্রব! ভাইরাল দাবির সত্যতা কী?
ই২০ পেট্রোল নিয়ে ছড়ানো গুজব ভিত্তিহীন, জানাল ভারত পেট্রোলিয়াম
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ইথানল মিশ্রিত ই২০ পেট্রোল নিয়ে একটি বিভ্রান্তিকর ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে আখের নির্যাস থেকে তৈরি ইথানলের কারণে গাড়ির ফুয়েল ক্যাপের চারপাশে পিঁপড়ে ভিড় করছে। পরিবেশবান্ধব এই জ্বালানি নিয়ে এই ধরনের ভিত্তিহীন দাবিতে গাড়িচালকদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়েছে।
এই প্রসঙ্গে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) স্পষ্ট জানিয়েছে যে, এই দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। প্রতিষ্ঠানটির ব্যাখ্যা অনুযায়ী, ফুয়েল-গ্রেড ইথানল বিশেষ বৈজ্ঞানিক প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়, যার ফলে এতে কোনো চিনি অবশিষ্ট থাকে না। এছাড়া ইথানলে মেশানো বিশেষ ডিন্যাচুরেন্ট কীটপতঙ্গকে দূরে রাখে। বিপিসিএল আরও জানিয়েছে, পেট্রোলের তীব্র হাইড্রোকার্বন গন্ধ এবং ই২০ পেট্রোল থেকে কম বাষ্প নির্গত হওয়ার কারণে পিঁপড়ে জমার কোনো যৌক্তিক কারণ নেই। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে এই ধরনের অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিকর ভিডিও যাচাই না করে বিশ্বাস না করার পরামর্শ দিয়েছে।