আরজি কর-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, তড়িঘড়ি সৎকারের রহস্য খুঁজতে শ্মশানে সিবিআই!

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় মৃতদেহ সৎকারে তাড়াহুড়োর রহস্য উন্মোচনে তদন্ত শুরু করেছে সিবিআই। ঘটনার দিন জলহাটি শ্মশানে ঠিক কী ঘটেছিল এবং কেন তড়িঘড়ি দাহকাজ সম্পন্ন করা হয়েছিল, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহের জন্য বুধবার সকালে শ্মশানে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এর আগে ঘটনার দিন শ্মশানে উপস্থিত থাকা ম্যানেজার ভোলানাথ পাত্রের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা।

নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার প্রকৃত তথ্য আড়াল করতেই তড়িঘড়ি শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল। সিবিআই সূত্রে জানা গেছে, শ্মশানে দেহ আনার পর রাজনৈতিক নেতা-বিধায়কদের ভিড় এবং পুলিশি নিরাপত্তার মাঝে পরিস্থিতি স্বাভাবিক রাখতে দাহকার্য দ্রুত সারা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, এই মামলার তদন্তে নতুন গতি আসার পাশাপাশি, সম্প্রতি কলকাতা হাই কোর্ট আরজি করের সেমিনার হল সিল করার নির্দেশ দিয়েছে এবং রাজ্যের প্রশাসনিক রদবদলের আবহে তদন্তের বিভিন্ন দিক নতুন করে যাচাই করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *