তৃণমূলে ইস্তফার হিড়িক, প্রদীপের পর পদ ছাড়লেন রবীন্দ্রনাথ!

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসের নতুন জেলা কমিটি গঠনের প্রক্রিয়ার মধ্যেই নেতাদের ইস্তফার প্রবণতা বাড়ছে। পশ্চিম মেদিনীপুরের পর এবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়েছেন বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। গত শনিবার দল মনোনীত তালিকা প্রকাশের পর বুধবার চন্দ্রিমা ভট্টাচার্যকে ইমেল মারফত পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। চিঠিতে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ফেসবুক থেকে তিনি দায়িত্ব পাওয়ার বিষয়টি জেনেছেন এবং এই পদে কাজ করতে তিনি ইচ্ছুক নন।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কাটোয়ায় দলীয় কার্যালয়ের কাছে সরকারি ত্রিপল সরানোকে কেন্দ্র করে স্থানীয়দের তীব্র বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। সেই সময় তাঁকে ঘিরে বিক্ষোভ ও ডিম ছোঁড়ার মতো অনভিপ্রেত ঘটনা ঘটে। বর্তমানে তিনি কলকাতায় মেয়েদের বাড়িতে বিশ্রামে রয়েছেন। জনসমক্ষে হওয়া সেই হেনস্থাই পদত্যাগের অন্যতম কারণ বলে রাজনৈতিক মহলের ধারণা। একের পর এক জেলা নেতার দ্রুত পদত্যাগের এই ঘটনা তৃণমূলের জেলাস্তরের সংগঠনকে ঐক্যবদ্ধ রাখা এবং তৃণমূল স্তরের কর্মীদের মনোবল বজায় রাখার ক্ষেত্রে শীর্ষ নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *