মাথার ওপর ১০ লাখের পুরস্কার, অস্ত্র ফেলে আত্মসমর্পণ কুখ্যাত মাওবাদী নেত্রী পুষ্পার!

কলকাতায় রাজ্য পুলিশের সদর দফতরে আত্মসমর্পণ করেছেন মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেত্রী শকুন্তলা মাহাতো ওরফে পুষ্পা। ঝাড়খণ্ড পুলিশের খাতায় ১০ লক্ষ টাকা মূল্যের এই নেত্রী একটি এসএলআর (SLR), ৪০ রাউন্ড কার্তুজ এবং ম্যাগাজিনসহ পুলিশের কাছে অস্ত্র সমর্পণ করেন। ২০০১ সালে মাওবাদী আন্দোলনে যোগ দেওয়া শকুন্তলা দীর্ঘ দুই দশক পর হিংসার পথ ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নিলেন। বেলপাহাড়ির মেচুয়া গ্রামের বাসিন্দা শকুন্তলা মূলত ঝাড়খণ্ড ও ওড়িশা সীমান্ত সংলগ্ন সারান্ডা জঙ্গলে মাওবাদী স্কোয়াডের অন্যতম প্রধান মুখ ছিলেন এবং তাঁর বিরুদ্ধে ঝাড়গ্রাম ও ঝাড়খণ্ডের একাধিক থানায় বহু নাশকতামূলক কার্যকলাপের মামলা রয়েছে।

দীর্ঘদিন ফেরার থাকার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মাওবাদী কার্যকলাপ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হন শকুন্তলা। তিনি জানিয়েছেন, বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে সশস্ত্র আন্দোলনের আর প্রাসঙ্গিকতা নেই এবং রাজ্য সরকারের পুনর্বাসন নীতির ওপর ভরসা রেখেই তিনি মূল স্রোতে ফিরেছেন। একই সঙ্গে তিনি জঙ্গলে থাকা সতীর্থদেরও অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি শ্রদ্ধা বিশ্বাস ও মাধাই পাত্রের মতো শীর্ষস্তরের মাওবাদী নেতাদের গ্রেফতার ও আত্মসমর্পণের ঘটনার পর শকুন্তলার এই আত্মসমর্পণ মাওবাদী নেটওয়ার্কের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে, যা জঙ্গলমহলে মাওবাদীদের সাংগঠনিক ভিত দুর্বল হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *