তৃণমূল ভবনে হঠাৎ তালা, মঙ্গলবার রাতে কেন খালি হলো দপ্তর?

রাজ্যের রাজনৈতিক সমীকরণের পরিবর্তনের মধ্যেই বিপাকে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এককালের আস্থাভাজন মনোতোষ সাহা ওরফে মন্টু সাহার হুশিয়ারির জেরে বাইপাসের ধারে মেট্রোপলিটন এলাকায় অবস্থিত দলের অস্থায়ী কার্যালয় খালি করে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমার আগেই তড়িঘড়ি বহুতলটির দুটি ফ্লোর থেকে জিনিসপত্র সরিয়ে নিয়েছে দল। বাকি অংশ থেকেও দ্রুত মালপত্র সরানোর কাজ চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর তপসিয়ার পুরনো কার্যালয় ভেঙে নতুন ভবন তৈরির উদ্যোগ নিলে সাময়িকভাবে এই বহুতলটিকে দলের কাজকর্ম পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

তপসিয়ার প্রধান কার্যালয়ের পুনর্নির্মাণের কাজ ধীরগতিতে চলায় এবং হঠাত্‌ অস্থায়ী এই কার্যালয়টি হাতছাড়া হওয়ায় বড়সড় পরিকাঠামোগত সংকটে পড়েছে তৃণমূল নেতৃত্ব। সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা ও রাজনৈতিক পটপরিবর্তনের আবহে দলের সঙ্গে বাড়ির মালিক মন্টু সাহার দূরত্ব তৈরি হয়। একদা তৃণমূলের সমস্ত কর্মসূচিতে সরঞ্জাম সরবরাহকারী মন্টু সাহা মে মাসে বাড়ি খালি করার আইনি নোটিশ ধরান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি খালি না করলে থানায় অভিযোগ জানানোর হুমকি দেন। এই পরিস্থিতিতে সাংগঠনিক ও প্রশাসনিক কাজকর্ম পরিচালনা নিয়ে জোড়াফুল শিবির এখন গভীর সংকটের মুখে পড়েছে। সূত্র অনুযায়ী, এই ঘটনার বিষয়ে বাড়ির মালিক মনোতোষ সাহা কোনো মন্তব্য করেননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *