নিট প্রশ্নফাঁস রুখতে কঠোর কেন্দ্র, ভারতে নিষিদ্ধ টেলিগ্রাম ও এডিট ফিচার!

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাওয়া নিট ইউজি (NEET-UG) ২০২৬-এর পুনঃর্পরীক্ষাকে সামনে রেখে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব ও প্রতারণা ঠেকাতে নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) সুপারিশ মেনে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক আগামী ২২ জুন পর্যন্ত ভারতে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। একইসঙ্গে, প্রতারণা চক্রের অপতৎপরতা রুখতে টেলিগ্রামের ‘মেসেজ এডিটিং’ ফিচারটি আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীদের বিভ্রান্ত করতে জালিয়াতি চক্রগুলো টেলিগ্রামের ‘এডিট’ ফিচার ব্যবহার করে পুরনো মেসেজে ফাঁস হওয়া প্রশ্নপত্র সংযুক্ত করছিল, যার ফলে টাইমস্ট্যাম্প একই থাকায় মনে হচ্ছিল পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই ভুয়া খবর ও ব্ল্যাকমেলিং মোকাবিলায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। পাশাপাশি, স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের সহায়তায় বেশ কিছু প্রতারণা চক্রের চ্যানেল ও বট সরিয়ে ফেলা হয়েছে এবং আহমেদাবাদ ও বিহারে সাইবার ক্রাইম শাখা একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এনটিএ একটি বিশেষ পোর্টাল চালু করেছে এবং আশ্বস্ত করেছে যে, ২১ জুন নির্ধারিত সূচি অনুযায়ী অত্যন্ত সুরক্ষিতভাবে পরীক্ষা সম্পন্ন হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *