বোরখা নিয়ে বিতর্কিত মন্তব্য, মহুয়ার বিরুদ্ধে থানায় বিজেপি নেতা!

সোশ্যাল মিডিয়ায় করা এক মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিজেপির একদল মহিলা কর্মীর ডিম হাতে দাঁড়িয়ে থাকার একটি ভিডিও-র পরিপ্রেক্ষিতে করা ওই পোস্টে নির্দিষ্ট কয়েকজন হিন্দু মহিলার নাম উল্লেখ করে তাঁদের ‘বোরখা’ পরার নিদান দেন সাংসদ। এই মন্তব্যের জেরে হিন্দু ও মুসলিম—উভয় সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে নদীয়ার হোগলবেড়িয়া থানায় তাঁর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির করিমপুর মণ্ডল-৪ এর সাধারণ সম্পাদক হীরক ভট্টাচার্য।

অভিযোগকারীর দাবি, সাংসদের এই মন্তব্য অত্যন্ত উস্কানিমূলক এবং তা এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে। হিন্দু সনাতনী মহিলাদের বোরখা পরার পরামর্শ দেওয়া যেমন সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত, তেমনই মুসলিম মহিলাদের পোশাকের মর্যাদাকে খাটো করাও অপমানজনক বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকে তৃণমূল সাংসদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তের জন্য সাইবার ক্রাইম শাখায় পাঠানো হয়েছে। সাইবার বিশেষজ্ঞরা ওই সোশ্যাল মিডিয়া পোস্টটির সত্যতা যাচাই করার পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *