সরকারি ভুলে অ্যাকাউন্টে এল ৩০০০ টাকা! সততার অনন্য নজির গড়লেন পুরুলিয়ার যুবক
পুরুলিয়া: সরকারি ভুলবশত অ্যাকাউন্টে আসা ৩০০০ টাকা ফেরত দিয়ে সততার নজির গড়লেন যুবক
পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা স্বদেশপ্রিয় মাহাতোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত ৩ জুন সরকারি অন্নপূর্ণা প্রকল্পের ৩০০০ টাকা ভুলবশত জমা হয়। অথচ, ওই প্রকল্পের জন্য তিনি কোনো আবেদনই করেননি। সরকারি যান্ত্রিক ত্রুটির কারণে এই অর্থ তাঁর অ্যাকাউন্টে চলে আসে বলে ধারণা করা হচ্ছে। এই টাকা আত্মসাৎ না করে তিনি তা সরকারি দপ্তরে ফেরত দেওয়ার আবেদন জানিয়েছেন।
টাকা জমা হওয়ার বিষয়টি জানার পর স্বদেশপ্রিয়বাবু ব্যাঙ্কের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সরাসরি মহকুমাশাসকের (SDO) দপ্তরে হাজির হন। কর্মকর্তাদের কাছে তিনি জানান, এই অর্থ তাঁর প্রাপ্য নয়। তাই সরকারি নিয়ম মেনে প্রকৃত প্রাপকের কাছে যাতে টাকাটি পৌঁছায়, সেই উদ্দেশ্যে তিনি তা ফেরত দিতে চান। এমন সততার নিদর্শন দেখে স্থানীয় মহলে প্রশংসার জোয়ার বইছে।