কুণালকে লক্ষ্য করে ডিম হামলা, অবশেষে গ্রেপ্তার ২!
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় চন্দন কয়াল এবং রবি কয়াল নামে দুই যুবককে গ্রেফতার করেছে কালীঘাট থানার পুলিশ। সোমবার রাতে ঘটনার পর বিধায়ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করল।
সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরোনোর সময় আচমকা এক ব্যক্তি কুণাল ঘোষের মাথা লক্ষ্য করে ডিম ছোড়েন। বিধায়কের দাবি, অল্পের জন্য তাঁর বাঁ চোখ রক্ষা পেয়েছে। জেড ক্যাটাগরির নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও এমন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি, কুণাল ঘোষ একে পূর্ব পরিকল্পিত অপরাধ বলে অভিহিত করে সামাজিক মাধ্যমে সন্দেহ প্রকাশ করেছেন যে, এর পেছনে কোনও গভীর চক্রান্ত কাজ করছে। বিধায়কের অভিযোগের প্রেক্ষিতে এখন তদন্তকারীরা পুরো ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের খোঁজে ও ষড়যন্ত্রের বিষয়টি খতিয়ে দেখছে।