কয়লা-বালির পর ৩০০ কোটির ‘মাটি চুরি’! ক্ষমতা বদলাতেই কি চরম আইনি প্যাঁচে অভিষেক?
ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় প্রায় ৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার কালীতলা আশুলিয়া থানায় এই অভিযোগ দায়ের করেন স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ বিশ্বাস। অভিযোগপত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁর আপ্তসহায়ক সুমিত রায় এবং বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলসহ মোট ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, ২০১৭ সাল থেকে প্রশাসনের নজর এড়িয়ে ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা থেকে বেআইনিভাবে মাটি কেটে চড়া দামে বিক্রি করা হয়েছে। বিজেপি নেতার অভিযোগ, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে এর আগে অভিযোগ করেও কোনো সুরাহা মেলেনি। বর্তমানে রাজ্যে ক্ষমতার পটপরিবর্তনের পর এই পুরনো অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশি সূত্রে জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করতে তথ্য-প্রমাণ ও নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। তবে এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।