সৌরভের মানহানির মামলা! হঠাৎ পুলিশি দ্বারস্থ কেন মহারাজ?
সোশ্যাল মিডিয়ায় লাগাতার কুৎসা ও অপপ্রচারের অভিযোগে কলকাতা পুলিশের দ্বারস্থ হলেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তিনি ঠাকুরপুকুর থানায় একটি লিখিত মানহানির অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ‘সৌরভ গঙ্গোপাধ্যায় ফ্যানস’ নামের একটি ফেসবুক পেজ এবং একটি স্পোর্টস ওয়েবসাইটের নাম উল্লেখ করেছেন তিনি। ৩৬ লক্ষেরও বেশি ফলোয়ার থাকা ওই ফেসবুক পেজটি নিজেদের সৌরভের অফিসিয়াল পেজ হিসেবে দাবি করলেও, সেখান থেকে নিয়মিত বিভ্রান্তিকর ও আপত্তিকর পোস্ট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
বিতর্কের সূত্রপাত একটি রাজনৈতিক গুঞ্জনকে ঘিরে, যেখানে দাবি করা হয়েছিল যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভের মাধ্যমে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে পদত্যাগ করার বার্তা পাঠিয়েছেন, যাতে ওই আসনে সৌরভ নিজেই উপনির্বাচনে প্রার্থী হতে পারেন। এই খবরকে ভিত্তিহীন ও ‘ফেক নিউজ’ হিসেবে উড়িয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, এ ধরনের কোনো বার্তা তাঁকে দেওয়া হয়নি এবং ইউসুফ পাঠানের সঙ্গে তাঁর এবিষয়ে কোনো আলোচনাও হয়নি। নিজের আবেদনে সৌরভ জানিয়েছেন, পাবলিক ফিগার হিসেবে সমালোচনা কাম্য হলেও ব্যক্তিগত সম্মানহানির উদ্দেশ্যে ছড়ানো এই বিভ্রান্তিকর প্রচার তিনি মেনে নেবেন না। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।