নেপালে পালালেও রেহাই নেই! দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রী অগ্নিমিত্রার চরম হুঁশিয়ারি

দুর্গাপুর পুরসভায় গত চার বছরে হওয়া ব্যাপক দুর্নীতি নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দুর্গাপুরে এক আলোচনা সভা শেষে তিনি স্পষ্ট জানিয়েছেন, দুর্নীতির সঙ্গে বর্তমান সরকার কোনো আপস করবে না এবং কোনো দোষীকেই রেয়াত করা হবে না। অপরাধীরা দেশের যেখানে বা বিদেশে পালিয়ে গেলেও তাদের খুঁজে বের করে আইনি শাস্তির আওতায় আনা হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

পুরসভার দুর্নীতির বিষয়ে দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষ্মণ ঘোড়ুই জেলাশাসকের কাছে সুনির্দিষ্ট প্রমাণসহ রিপোর্ট জমা দিয়েছেন। অভিযোগের তালিকায় রয়েছে সরকারি জমি প্লট করে বিক্রি, নিয়মবহির্ভূতভাবে বহুতল আবাসনের নকশা অনুমোদন এবং পুরসভার গাড়ির তেল চুরির মতো গুরুতর অনিয়ম। ইতিমধ্যে বিল্ডিং প্ল্যানিং বিভাগ ও কেয়ারটেকার বিভাগের অভিযুক্তকর্মীদের শাস্তিমূলক বদলি করা হয়েছে। পাশাপাশি, প্রাক্তন ডেপুটি মেয়র দিলীপ অগস্তির দাবি, সঠিক তদারকির অভাবে পুরসভার নিয়ন্ত্রিত সাতটি টোল প্লাজা থেকে বছরে প্রায় ৯ কোটি টাকার রাজস্ব আদায় বন্ধ হয়ে গেছে। পুরসভার পুরনো নথিপত্র খতিয়ে দেখলে দুর্নীতির মূল উৎস বেরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *