রোজ ১৫০ টাকার ‘গুপ্ত কর’, প্রতিবাদ করলেই বাস জব্দ! অবশেষে শ্রীঘরে কাটোয়ার দাপুটে তৃণমূল নেতা
কাটোয়ায় তৃণমূল নেতা নারু সেন গ্রেফতার: বাস মালিকদের টাকা তছরুপ ও তোলাবাজির অভিযোগ
পূর্ব বর্ধমানের কাটোয়ায় বাস মালিক সংগঠনের টাকা তছরুপ, তোলাবাজি এবং বাসের পারমিট পাইয়ে দেওয়ার নামে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রভাবশালী নেতা নারায়ণ চন্দ্র সেন ওরফে নারু সেন। শনিবার রাতে কাটোয়া স্টেশনবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
ভুক্তভোগী বাস মালিকদের অভিযোগ, বাসের পারমিট সংক্রান্ত কাজ পাইয়ে দেওয়ার নাম করে কয়েক বছর ধরে বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়েছেন নারু সেন। এছাড়া কাটোয়া বাসস্ট্যান্ড দিয়ে যাতায়াতকারী প্রতিটি বাস থেকে প্রতিদিন ১৫০ টাকা করে তোলা আদায় করা হতো এবং ২০০৫ সাল থেকে সমিতির চাঁদার কোনো হিসাব দেওয়া হয়নি। প্রতিবাদ করলে বাস আটকে দেওয়া কিংবা এলাকাছাড়া করার হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। শনিবার টাকা ফেরতের দাবিতে বাস মালিকরা তাঁর বাড়িতে চড়াও হলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, এরপরই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হলে তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনায় জড়িত অন্যান্যদের বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।