১৫ মিনিটে ১০০ কোটির ব্লু-প্রিন্ট! ইডি দপ্তরে হাজিরায় কোন রহস্য?
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার এই তলবের প্রেক্ষিতে তিনি কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকদের মুখোমুখি হয়েছেন। সিবিআইয়ের পেশ করা তৃতীয় অতিরিক্ত চার্জশিটে উল্লিখিত একটি ১৫ মিনিটের অডিয়ো রেকর্ডিংয়ের সূত্র ধরে এই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ইডি সূত্রে জানা গেছে। চাকরি বিক্রির মাধ্যমে বিপুল অঙ্কের ঘুষ ভাগাভাগির অভিযোগের ভিত্তিতেই তদন্তকারী সংস্থা এই পদক্ষেপ নিয়েছে।
তদন্তকারী সংস্থার দাবি, ২০১৭ সালে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-র বেহালার বাড়িতে শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষের উপস্থিতিতে একটি বৈঠক হয়েছিল। ওই অডিয়ো রেকর্ডিংয়ে একাধিকবার ‘অভিষেক’ নামের এক ব্যক্তির উল্লেখ রয়েছে। অভিযোগ, অযোগ্য প্রার্থীদের চাকরির বিনিময়ে তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের টাকা নেওয়ার বিষয়টি জানতে পেরে ওই ব্যক্তি ১৫ কোটি টাকা দাবি করেন। সেই সময় চাকরিপ্রার্থীদের কাছ থেকে সর্বমোট ১০০ কোটি টাকা তোলার পরিকল্পনা করা হয়, যার মধ্যে অভিষেক, পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যকে ২০ কোটি টাকা করে দেওয়ার ছক ছিল বলে তদন্তকারীদের অভিযোগ। বর্তমানে অডিয়োয় উল্লিখিত ওই ব্যক্তি তৃণমূলের সাধারণ সম্পাদক কি না, তা যাচাইয়ের পাশাপাশি সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে অভিষেকের সংস্থা ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’-এর আর্থিক লেনদেনের বিষয়টিও খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা।