অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, সুমিতকে খুঁজছে পুলিশ!
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল মেদিনীপুর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত। দীর্ঘ তল্লাশির পরও তাঁর হদিস না মেলায় পুলিশের আবেদনের ভিত্তিতে সোমবার আদালত এই নির্দেশ দেয়। পুলিশি তদন্তের স্বার্থে সুমিত রায়ের সন্ধানে এই কড়া আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে সুমিত রায়ের খোঁজে গত শনিবার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছায় শালবনি থানার পুলিশ। সুমিতের মোবাইলের শেষ টাওয়ার লোকেশন ওই বাড়ির ভেতরে পাওয়া যাওয়ায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে দীর্ঘক্ষণ অভিযান চালানো হয়, এমনকি তালা ভেঙে ভেতরেও প্রবেশ করেন তদন্তকারীরা। একই দিনে হুগলির শ্রীরামপুরে সুমিতের শ্বশুরবাড়িতেও পুলিশ তল্লাশি চালায়। তবে কোথাওই তাঁর দেখা না মেলায় এবং ক্রমাগত গা ঢাকা দিয়ে থাকায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয় পুলিশ।