ওমান উপকূলে তিন ভারতীয় নাবিক নিহতের ঘটনায় দায় এড়াল আমেরিকা!
ওমান উপসাগরে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। গত ৯ জুন পালাউয়ের পতাকাবাহী ‘এমটি সেট্টেবেল্লো’ নামক বাণিজ্যিক জাহাজটিতে মার্কিন বিমান থেকে চালানো হামলায় আদিত্য শর্মা, শিবানন্দ চৌরাসিয়া এবং পাটনালা সুরেশন নামে তিন ভারতীয় নাবিক নিহত হন। ঘটনার পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর মার্কিন বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনালাপে এই হামলাকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, জাহাজটি ইরানের গোপন নৌবহরের অংশ হিসেবে অবৈধভাবে তেল পাচার করছিল। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করতে জাহাজটিকে ৬০ বারেরও বেশি সতর্ক করা হয়েছিল এবং ক্ষেপণাস্ত্র হামলার ১৫ মিনিট আগেও ইঞ্জিনরুম খালি করার সময় দেওয়া হয়েছিল বলে ওয়াশিংটন জানিয়েছে। এই হামলায় জাহাজটিতে আগুন ধরে গেলে ২৮ জন নাবিকের মধ্যে ২৪ জন ভারতীয়ের মধ্যে ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দুই দেশের কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে সাময়িক টানাপোড়েন দেখা দিয়েছে।