মদ সিন্ডিকেটের ৩০০ কোটির তোলাবাজি, নড়েচড়ে বসল আবগারি দফতর!
বিগত তৃণমূল সরকারের জমানায় মদ পরিবহন ও সরবরাহের অছিলায় খুচরো ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের মদতে এই বিপুল অঙ্কের অর্থ আদায় করা হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর, ‘সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অফ ওয়েস্ট বেঙ্গল ফরেন লিকার লাইসেন্সিজ’ সংগঠনের পক্ষ থেকে আবগারি কমিশনারকে চিঠি দিয়ে এই দুর্নীতির পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানানো হয়েছে।
ব্যবসায়ীদের অভিযোগ, ২০২১ সালের সরকারি নিয়ম অনুযায়ী ডিস্ট্রিবিউটরদের নিজস্ব খরচে মদ পৌঁছে দেওয়ার কথা থাকলেও, প্রভাবশালীরা প্রতি বোতল বা ক্যান পিছু ১০ থেকে ১৩ টাকা ‘পরিবহণ খরচ’ এবং ‘লোডিং-আনলোডিং’ ফি হিসেবে অনৈতিকভাবে টাকা আদায় করেছেন। এই লেনদেনের বিপরীতে কোনো রসিদ বা বৈধ নথি প্রদান করা হয়নি। ২০১৭ সালে স্বচ্ছতা নিশ্চিত করতে ‘পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড’ গঠন করা হলেও, ২০২১ সালে ‘ডিস্ট্রিবিউটর-ডিপো মডেল’ চালুর ফলে সরকারি সংস্থার নিয়ন্ত্রণ হ্রাস পায় এবং পরবর্তীতে এই মডেলকেই তোলাবাজির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। বর্তমানে নতুন সরকারের আবগারি বিভাগের কাছে ব্যবসায়ীরা এই চক্রের তদন্ত এবং অননুমোদিত মাশুল আদায় বন্ধ করে স্বচ্ছ ব্যাবসায়িক পরিবেশ ফিরিয়ে আনার আর্জি জানিয়েছেন।