ফের ভবানী ভবনে অভিষেক, তলব কুণালকেও!

সই জালিয়াতি কাণ্ডের তদন্তে গতি বাড়াল সিআইডি। গত বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে পাঁচ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর, আজ রবিবার তাঁকে ফের সিআইডি সদর দপ্তর ভবানী ভবনে তলব করা হয়েছে। একইসঙ্গে এদিন দুপুর তিনটের পর বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন তদন্তকারীরা।

সিআইডি সূত্রে খবর, গত বৃহস্পতিবারের জেরায় অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের সদুত্তর না মেলায় এবং তথ্যের অসঙ্গতি থাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করা হয়েছে। হাই কোর্টের নির্দেশে শুরু হওয়া এই তদন্তের পরিধি ক্রমশ বাড়ছে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কামারহাটির বিধায়ক মদন মিত্রকেও খুব শীঘ্রই নোটিস পাঠানো হতে পারে বলে জানা গেছে। সই জালিয়াতির মতো গুরুতর অভিযোগে শাসক দলের একের পর এক হেভিওয়েট নেতাকে তলবের ঘটনায় রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *