রামমন্দিরে কোটি টাকার প্রণামী গায়েব, কাঠগড়ায় যোগী সরকার!
অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দান করা কোটি কোটি টাকা চুরির অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল শুরু হয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার তদন্তে তিন সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছেন। এই কমিটিতে রয়েছেন আইএএস বিজয় বিশ্বাস পন্থ, পুলিশের প্রাক্তন আইজি কিরণ এস এবং উত্তরপ্রদেশের অর্থদপ্তরের বিশেষ সচিব নীল রতন। প্রাথমিক পর্যায়ে মন্দির ট্রাস্ট অভিযোগ অস্বীকার করলেও, অভ্যন্তরীণ তদন্তে কিছু সন্দেহজনক লেনদেনের প্রমাণ মেলায় ট্রাস্টের পক্ষ থেকেই রাজ্য সরকারের কাছে তদন্তের অনুরোধ জানানো হয়।
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এই অর্থ গায়েবের ঘটনার পেছনে আদালতের নজরদারিতে তদন্তের দাবি তুলেছিলেন। বর্তমানে বিষয়টি এলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চ পর্যন্ত পৌঁছেছে, যেখানে আইনজীবী মোহিত অশোক মামলা দায়ের করে সিবিআই তদন্ত এবং অডিট করানোর আর্জি জানিয়েছেন। ইতোমধ্যে অর্থ নয়ছয়ের ঘটনায় ট্রাস্টের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং একজনের অ্যাকাউন্ট থেকে নগদ পাঁচ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তবে ট্রাস্টের কয়েকজন আধিকারিকের প্রাথমিক ভূমিকার কারণে নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে।