সুদীপের দলবদলের জল্পনা, ইডির ভয়ে কি তৃণমূল ছাড়ছেন বর্ষীয়ান নেতা!
দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাসভবনে উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের আকস্মিক উপস্থিতি ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের অন্দরের ফাটল আরও স্পষ্ট হয়ে উঠেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপকে ব্যক্তিগত স্বার্থ ও রাজনৈতিক সুবিধাবাদ হিসেবে আখ্যা দিয়ে শ্রীরামপুরের তৃনমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি ও ইডির মামলার চাপ থেকে রেহাই পেতেই সুদীপ বন্দ্যোপাধ্যায় এই পথে হাঁটছেন বলে ধারণা করা হচ্ছে। দলের একাংশের মতে, চরম সংকটের দিনে এমন আচরণ বিশ্বাসঘাতকতা। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের আস্থাভাজন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই সম্ভাব্য দলবদলকে দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত গ্রহণের ভুল ও সাংগঠনিক দুর্বলতা হিসেবে দেখছেন দলের অনেকেই। এই পরিস্থিতির জেরে ২০২৬ সালের নির্বাচনের আগে তৃণমূল আরও কোণঠাসা হতে পারে বলে মনে করা হচ্ছে।