সিলিন্ডার বোঝাই গাড়ির মরণফাঁদ, জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১!
নদিয়ার কৃষ্ণনগরে ১২ নম্বর জাতীয় সড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ির পেছনে মাছ বোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার ভোরে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পালপাড়া মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, বীরভূম থেকে নৈহাটিগামী মাছ বোঝাই পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবাহী গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী রাস্তায় ছিটকে পড়েন।
স্থানীয় বাসিন্দা ও কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ আহতদের উদ্ধার করে দ্রুত শক্তিনগর জেলা হাসপাতালে পাঠালে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার জেরে গুরুত্বপূর্ণ জাতীয় সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা পরে পুলিশি হস্তক্ষেপে ক্রেন এনে গাড়ি দুটি সরিয়ে স্বাভাবিক করা হয়। ঘটনার পেছনে চালকের অসতর্কতা, অতিরিক্ত গতিবেগ নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।