ইউরোপের অস্ত্রেই ভারত আক্রান্ত! রুশ তেল নিয়ে ট্রাম্পকে জয়শঙ্করের সপাট জবাব
রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনা নিয়ে ওয়াশিংটনের আপত্তির কড়া জবাব দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ফিনল্যান্ডে আয়োজিত এক ভূরাজনীতি বিষয়ক আলোচনা সভায় তিনি স্পষ্ট জানিয়েছেন, ভারত ভূরাজনৈতিক সমীকরণের চেয়ে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের স্বার্থকে বেশি গুরুত্ব দেয়। বিদেশমন্ত্রীর মতে, ইউক্রেন যুদ্ধের পর ইউরোপ যখন পশ্চিম এশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কেনা শুরু করে, তখন ভারতের বাজারে জ্বালানির জোগান ও অস্থিরতা কমাতে রুশ তেল কেনা ছাড়া বিকল্প কোনো পথ খোলা ছিল না।
ইউরোপ ও আমেরিকার সমালোচনা করে জয়শঙ্কর আরও বলেন, ইউরোপীয় দেশগুলো যে অস্ত্র বিক্রি করে, তা দিয়েই বছরের পর বছর ভারতের ওপর হামলা হয়েছে। ভারতের অস্ত্র দিয়ে কখনোই ইউরোপের কোনো দেশে হামলা হয়নি বলে তিনি উল্লেখ করেন। অতীতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও জোগান ঠিক রাখতে আমেরিকার পরামর্শেই ভারতকে রুশ তেল কেনার দিকে ঝুঁকতে হয়েছিল বলে তিনি মনে করিয়ে দেন। তবে তিনি জোর দিয়ে বলেন, ভারতের এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দেশের প্রয়োজন ও পরিস্থিতি বিচার করেই নেওয়া হয়েছে।