চাকরি চুরির টাকায় রাজপ্রাসাদ, তৃণমূল নেতার বাড়ি ভেঙে দিল জনতা!
বাঁকুড়ার পাত্রসায়রের বামিরা গ্রামে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা ও জমি আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার সম্পত্তি গড়ার অভিযোগে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ নবকুমার পালের বাড়িতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকালে শতাধিক গ্রামবাসী লাঠি-সোঁটা নিয়ে তাঁর বাড়ির সামনে জড়ো হয়ে ভাঙচুর চালান। পরিস্থিতি বেগতিক বুঝে ওই নেতা নিজের বিলাসবহুল বাড়ির ভেতরে নিজেকে বন্দি করে ফেলেন।
স্থানীয়দের অভিযোগ, গত ১৫ বছরে ক্ষমতার দাপট দেখিয়ে তিনি সাধারণ মানুষকে চাকরির টোপ দিয়ে টাকা ও জমি হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগীদের দাবি, টাকা দিতে না পারায় বাধ্য হয়ে অনেকেই নিজেদের জমি তাঁর নামে লিখে দিতে বাধ্য হয়েছেন। নবকুমার পাল অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে এটিকে মিথ্যা চক্রান্ত বলে দাবি করেছেন। ঘটনার খবর পেয়েই পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছে পাত্রসায়র থানা।