রাজ্য সরকারি কর্মীদের কোয়ার্টারে এবার বাধ্যতামূলক স্মার্ট মিটার, বড় নির্দেশিকা নবান্নের!
সরকারি আবাসনে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করল রাজ্য সরকার
কলকাতা: রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকীকরণ এবং লোকসান কমাতে সরকারি কর্মী ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের সরকারি আবাসনে ডোমেস্টিক স্মার্ট ইলেকট্রিক মিটার বসানো বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। গত ১০ জুন ২০২৬ তারিখে নবান্নের তরফে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের রাজকোষ থেকে বেতন বা পারিশ্রমিক পান এমন সমস্ত সরকারি, আধা-সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। এই নির্দেশনার বাস্তবায়নের জন্য সমস্ত বিভাগীয় প্রধান, রাজ্য পুলিশের ডিজি, পুলিশ কমিশনার এবং জেলা শাসকদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি (WBSEDCL) তাদের ৫৫৪টি কাস্টমার কেয়ার সেন্টারের মধ্যে প্রাথমিকভাবে ১০৩টি কেন্দ্রকে এই প্রকল্পের জন্য নির্বাচন করেছে, যেখানে বিদ্যুৎ বণ্টনের ক্ষতির হার সবচেয়ে বেশি। আপাতত এই স্মার্ট মিটারগুলি পোস্ট-পেইড সুবিধাতেই চালু থাকবে এবং বিলিং পদ্ধতিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। তবে গ্রাহকরা চাইলে পরবর্তীতে প্রি-পেইড ব্যবস্থায় পরিবর্তিত হওয়ার সুযোগ পাবেন। প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল সরকারি কর্মচারীদের পূর্ণ সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।