দিল্লিতে পুলিশের অভিযান, তিন তলা থেকে প্রাণ বাঁচাতে মরণঝাঁপ আফ্রিকান মহিলার!
দিল্লির স্বরূপনগর এলাকায় মাদক বিরোধী অভিযান চলাকালীন চার তলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে স্টেলা পিউস নামে এক আফ্রিকান মহিলার মৃত্যু হয়েছে। বুরারি থানায় নথিভুক্ত একটি এনডিপিএস (NDPS) মামলার সূত্র ধরে অ্যান্টি নারকোটিক্স স্কোয়াড ওই আবাসনে তল্লাশি চালাতে গেলে এই ঘটনা ঘটে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আতঙ্কিত ওই মহিলা ওপর থেকে নিচে ঝাঁপ দেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে বুরারি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
অভিযানের সময় পুলিশ ওই ফ্ল্যাট থেকে রোমিও ওরফে স্কাই নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং তার কাছ থেকে ৩০ গ্রাম এমডিএমএ (MDMA) ও দেড় গ্রাম হেরোইন উদ্ধার করেছে। একইসঙ্গে মার্টিন অ্যারন নামে অন্য এক আফ্রিকান নাগরিককে আটক করা হয়েছে। তল্লাশিকালে মৃত স্টেলার ঘর থেকে বিপুল পরিমাণ রাসায়নিক ও কাঁচামাল উদ্ধার হয়েছে, যা মূলত মেথামফেটামিনসহ বিভিন্ন কৃত্রিম মাদক তৈরিতে ব্যবহৃত হয়। ফ্ল্যাটটিকে মাদক তৈরির মিনি কারখানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এই আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ।