ভারতের ওপর নজরদারি বাড়াতে মহাকাশে পাক দাপট! ১৬ মাসে ৬ স্যাটেলাইট, নেপথ্যে চিন?

ভারতের ওপর নজরদারি চালানোর লক্ষ্যে গত ১৬ মাসে মহাকাশে ৬টি নতুন ভূ-পর্যবেক্ষণকারী (Earth Observation) স্যাটেলাইট স্থাপন করেছে পাকিস্তান। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে উৎক্ষেপণ করা এই প্রতিটি স্যাটেলাইট চিনের প্রযুক্তিগত সহায়তায় এবং চিনা রকেটের মাধ্যমেই মহাকাশে পাঠানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই স্যাটেলাইটগুলো সামরিক নজরদারির কাজে ব্যবহৃত হচ্ছে। চিনের ‘ইয়াওগান’ ও ‘গাউফেন’ স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে পাকিস্তান এখন ভারতের কৌশলগত এলাকাগুলোর ওপর নিরবচ্ছিন্ন নজর রাখতে সক্ষম। উচ্চ-রেজোলিউশনের ছবি তোলা এবং ভূমির গঠনগত পরিবর্তন শনাক্ত করার মতো উন্নত প্রযুক্তি সমৃদ্ধ এই স্যাটেলাইটগুলো দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের সামরিক উচ্চাকাঙ্ক্ষাকে স্পষ্ট করেছে। ১৯৬৫ সালে ‘সুপারকো’ প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ কয়েক দশকে পাকিস্তান হাতেগোনা কয়েকটি স্যাটেলাইট উৎক্ষেপণ করলেও গত ১৬ মাসের এই দ্রুত কর্মকাণ্ড ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *