হস্টেল থেকে মুক্তির নৃশংস পরিকল্পনা, সাত বছরের শিশুকন্যাকে খুন দুই কিশোরীর!
নদীয়ার কৃষ্ণনগরে একটি আবাসিক বিদ্যালয়ের হোস্টেলে সাত বছরের এক শিশুকন্যাকে খুনের ঘটনায় রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার বাবা-মা মেয়েকে হোস্টেলে রেখে আসার ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার তার নিথর দেহ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ একই হোস্টেলের নবম শ্রেণির দুই কিশোরীকে আটক করে ‘সেফ কাস্টডি’তে নিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
তদন্তে জানা গেছে, হোস্টেলের কঠোর নিয়মের বেড়াজাল থেকে মুক্তি পেয়ে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যেই অভিযুক্ত দুই কিশোরী অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রথম শ্রেণির ওই ছাত্রীকে হত্যা করেছে। শৌচাগারের বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধ করার পর মৃত্যু নিশ্চিত করতে তারা শিশুটির হাতের শিরাও কেটে দেয়। ফরেন্সিক নমুনা সংগ্রহ এবং ধৃতদের বয়ানে অসঙ্গতি মেলার পর পুরো বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনার পর পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এবং রবিবার অভিযুক্ত দুই কিশোরীকে জুভেনাইল আদালতে তোলা হয়েছে।