৩৭০ টাকার বিরিয়ানি না দিলে যৌন চাহিদা! স্ট্যান্ড-আপ কমেডির নামে এ কী অশালীনতা?
‘দ্য অশ্লীল শো’ নামের একটি স্ট্যান্ড-আপ কমেডি শো-কে কেন্দ্র করে নেটদুনিয়ায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। শো-এর অংশগ্রহণকারী হিমাংশু নামের এক তরুণের মন্তব্য ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। ডেটিং কালচার নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি জানান, এক তরুণীকে ৩৭০ টাকার বিরিয়ানি খাওয়ানোর পর তিনি তার বিনিময়ে ওই তরুণীর কাছে যৌন সুবিধা দাবি করেছিলেন এবং অন্ধকার পার্কে তার সঙ্গে জোরপূর্বক আচরণ করেছিলেন। নারীদের প্রতি এমন আপত্তিকর ও যৌনগন্ধী মন্তব্যের মঞ্চ তৈরির দায়ে শো-এর আয়োজক প্রণীত মোরেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। পরিস্থিতি সামলাতে কৌতুকশিল্পী প্রণীত মোরে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল নিষ্ক্রিয় করে দিয়েছেন।
এ ঘটনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটোর একটি স্ক্রিনশট ভাইরাল হয়, যেখানে সংস্থাটি গ্রাহককে বিরিয়ানির বিনিময়ে যৌনতার ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠাচ্ছে বলে দাবি করা হয়। জোম্যাটো কর্তৃপক্ষ দ্রুত বিবৃতি দিয়ে জানায়, এটি একটি জাল স্ক্রিনশট এবং এর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এদিকে, কৌতুকের মোড়কে যৌন হয়রানিমূলক আচরণকে স্বাভাবিকীকরণের প্রচেষ্টাকে অপরাধমূলক মানসিকতা হিসেবে দেখছেন সমাজ সচেতনরা। বিনোদন জগতের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ভার্চুয়াল প্ল্যাটফর্মে নারীদের সুরক্ষায় এবং কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জোরালো হচ্ছে।