অন্নপূর্ণা ভাণ্ডারে মিলবে তিন হাজার টাকা, ছোট ভুলেই বাতিল হতে পারে আপনার আবেদন!
রাজ্যের নতুন ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। ভোটের আগে করা প্রতিশ্রুতির অংশ হিসেবে ইতিমধ্যে রাজ্যের ৫০ লক্ষেরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পৌঁছে দেওয়া হয়েছে। তবে কেবল আবেদনপত্র জমা দিলেই এই সুবিধা পাওয়া যাবে না; প্রকল্পের সুবিধা পেতে প্রশাসনিক নিয়ম ও ভেরিফিকেশন প্রক্রিয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
আবেদন প্রক্রিয়া সহজ করতে ১২ পাতার পুরো ফর্মটি পূরণ করা বাধ্যতামূলক নয় বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। জরুরি তথ্য দেওয়ার পর বাকি অংশে ‘নট অ্যাপ্লিকেবল’ (Not Applicable) লিখে আবেদন করা যাবে। আবেদনপত্র জমা দেওয়ার পর শুরু হবে কঠোর ভেরিফিকেশন প্রক্রিয়া, যার অংশ হিসেবে পুরসভা বা প্রশাসনের পক্ষ থেকে আবেদনকারীকে ফোন করা হতে পারে। এই ফোনালাপে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা, মাসিক আয় ও পেশা সংক্রান্ত তথ্য যাচাই করা হবে। প্রশাসন স্পষ্ট জানিয়েছে, ফোনকল রিসিভ না করলে বা ভেরিফিকেশনের সময় ভুল তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট আবেদনকারীর ভাতা সরাসরি বাতিল করে দেওয়া হবে।
যারা এখনও টাকা পাননি বা আবেদনের বর্তমান পরিস্থিতি জানতে চান, তারা অনলাইনের মাধ্যমে তা যাচাই করতে পারবেন। এর জন্য সোশ্যাল সিকিউরিটির অফিশিয়াল পোর্টাল (socialsecurity.wb.gov.in)-এ গিয়ে ‘ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে নাম নথিভুক্তির পাশাপাশি পেমেন্টের বিবরণও জানা সম্ভব। সরকারি অনুদানের স্বচ্ছতা বজায় রাখতেই প্রশাসন এই যাচাই প্রক্রিয়া চালু করেছে।