মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় প্রথমবার শুভেন্দু অধিকারী, শুরু হচ্ছে বিধায়কদের শপথগ্রহণ উৎসব

বাংলার সংসদীয় রাজনীতিতে আজ এক ঐতিহাসিক মুহূর্ত। বিরোধী দলনেতার ভূমিকা থেকে উত্তীর্ণ হয়ে এবার মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার বিধানসভায় পা রাখতে চলেছেন শুভেন্দু অধিকারী। বুধবার নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিধানসভা চত্বরে সাজ সাজ রব। রীতি মেনে আজ নতুন মুখ্যমন্ত্রীকে বিধানসভার পক্ষ থেকে ‘গার্ড অফ অনার’ প্রদান করা হবে।

শনিবার ব্রিগেডের সভামঞ্চে রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজই প্রথম আইনসভায় প্রবেশ করছেন শুভেন্দু অধিকারী। সূচি অনুযায়ী, বিধানসভায় পৌঁছে তিনি প্রথমে ড. বি আর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানাবেন। এরপর মুখ্যমন্ত্রীর নির্দিষ্ট কক্ষে আয়োজিত বিশেষ পুজোয় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

শপথগ্রহণের প্রস্তুতি ও নির্ঘণ্ট

প্রোটেম স্পিকার তাপস রায় নবনির্বাচিত জনপ্রতিধিদের শপথবাক্য পাঠ করাবেন। বেলা ১১টায় সবার প্রথমে ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর পর্যায়ক্রমে মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। দুই দিনে এই শপথগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার প্রথমার্ধে উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরা এবং দ্বিতীয়ার্ধে নদিয়া ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনার প্রার্থীরা শপথ নেবেন। বৃহস্পতিবার বাকি জেলাগুলোর প্রার্থীদের শপথগ্রহণের কথা রয়েছে।

২৯০ বিধায়কের পদযাত্রা

বিধানসভা সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ২৯০ জন প্রার্থীর শপথ নেওয়ার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী নিজে এবং হুমায়ুন কবীর দুটি করে আসনে জয়ী হয়েছেন এবং তাপস রায় আগেই প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিয়েছেন, তাই এই সংখ্যাটি এখন ২৯০। মঙ্গলবার বিকেলে লোকভবনে প্রোটেম স্পিকার হিসেবে তাপস রায়ের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সংসদীয় রীতি অনুযায়ী, প্রোটেম স্পিকার পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ স্পিকার নির্বাচিত হতে পারেন, যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর এই নতুন পথচলা এবং বিপুল সংখ্যক বিধায়কের শপথগ্রহণ রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতিবেগ সঞ্চার করবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিরোধী দলনেতা থেকে শাসক শিবিরের শীর্ষপদে শুভেন্দুর এই উত্তরণ বিধানসভার কার্যপ্রণালীতে কী ধরনের প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *