ভোটগণনার আগে নোয়াপাড়ায় শোরগোল! বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর
সোমবারের হাইভোল্টেজ ভোটগণনার ঠিক আগের দিন উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া। বিজেপি নেতা কুন্দন সিংয়ের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি চালানোর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি নেতৃত্বের মধ্যে শুরু হয়েছে তীব্র কাদা ছোড়াছুড়ি। সিসিটিভি ফুটেজে দুই দুষ্কৃতীকে বাইকে এসে গুলি চালাতে দেখা গিয়েছে, যা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আক্রমণ ও পাল্টা অভিযোগ
বিজেপি নেতা কুন্দন সিংয়ের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতেই এই হামলা চালিয়েছে। তিনি সরাসরি অভিযোগ করেন, আকাশ চৌধুরী ও আমন চৌধুরী নামে দুই দুষ্কৃতী এই ঘটনায় জড়িত, যাদের নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। কুন্দনের কথায়, “তৃণমূল প্রার্থী এদের মিষ্টি খাওয়াচ্ছেন এমন ছবিও রয়েছে। কিন্তু এভাবে ভয় দেখিয়ে বিজেপিকে দমানো যাবে না।” তিনি ইতিপূর্বেই অভিযুক্তদের নামে থানায় এফআইআর দায়ের করেছেন।
তৃণমূলের দাবি ও ‘গটআপ’ তত্ত্ব
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য দাবি করেছেন, এই ঘটনার পেছনে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল বা সাজানো নাটক থাকতে পারে। তাঁর পাল্টা দাবি, অভিযুক্তরা তাঁর ঘনিষ্ঠ নয় বরং বিজেপিরই লোক। তৃণাঙ্কুর বলেন, “গতকাল রাতে আমাদের এক সমর্থকের ওপর আক্রমণ হয়েছিল। সম্ভবত সেই ঘটনা ধামাচাপা দিতেই বিজেপি এই গটআপ গেম খেলছে। পুলিশ এদের গ্রেফতার করলেই আসল সত্যি বেরিয়ে আসবে।” ভোটগণনার আগের মুহূর্তে এই হিংসার ঘটনা নোয়াপাড়ার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। প্রশাসনের পক্ষ থেকে এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।