বিয়ের ভোজ নিয়ে ধুন্ধুমার, বাবার মাথায় হাত!
কানপুরে বিয়েবাড়িতে সংঘর্ষ: খাবার লুকানোকে কেন্দ্র করে রণক্ষেত্র, পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত নিষ্পত্তি
উত্তরপ্রদেশের কানপুরে একটি বিয়ের অনুষ্ঠানে খাবারে হাত দেওয়া নিয়ে বরযাত্রী ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে বিলহোর এলাকায় দুই বোনের যৌথ বিবাহ আসরে এ ঘটনা ঘটে। অভিযোগ, বরযাত্রীর কয়েকজন সদস্য খাবার লুকিয়ে ব্যাগে ভরছিল, যার প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই উত্তেজনাই পরে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়, যা বিয়েবাড়ির আনন্দ মুহূর্তেই বদলে দেয়।
সংঘর্ষের এক পর্যায়ে বরের বাবাকে মাটিতে ফেলে আছাড় মারা হয়। এই ঘটনা বরপক্ষের সদস্যদের আরও ক্ষুব্ধ করে তোলে এবং দুপক্ষের মধ্যে ব্যাপক মারধর শুরু হয়। খবর পেয়ে বিলহোর থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ‘তিন তালাক’-এর গুঞ্জন শোনা গেলেও পুলিশ ও কনের পরিবার তা অস্বীকার করে। দীর্ঘ আলোচনার পর অবশেষে দুই বোনের বিয়ে সম্পন্ন হয়। তবে, কনের পরিবারের আশঙ্কা, পরবর্তী অনুষ্ঠান ‘চতুর্থী’র দিন বরযাত্রীরা পুনরায় হামলা চালাতে পারে। তাই কনের বাবা নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশ লিখিত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।