ভোটের আগে ধূপগুড়িতে অন্নপূর্ণা ভাণ্ডারের চমক, লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা!
ধূপগুড়িতে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ দাবিতে বিজেপি-র সমর্থনে মহিলাদের বিশাল মিছিল
২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ হয়েছে। এতদিন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প মহিলাদের মন জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, সম্প্রতি জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে দেখা গেল এক ভিন্ন চিত্র। এখানে শাসক দলের প্রকল্পের বিকল্প হিসেবে বিজেপির প্রস্তাবিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের দাবিতে হাজার হাজার মহিলা রাজপথে নেমেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে এবং বিজেপির প্রার্থী নরেশ চন্দ্র রায়ের পক্ষে স্লোগান দিয়ে এই মিছিল রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
এই বিধানসভা কেন্দ্রে লড়াই মূলত দুই প্রার্থীর মধ্যে হলেও, ‘অন্নপূর্ণা ভাণ্ডার’কে ঘিরে মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বর্তমানে তৃণমূলের বিদায়ী বিধায়ক নির্মল চন্দ্র রায়ের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিজেপি মূলত সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে প্রচারের চিরাচরিত ধারাকে চ্যালেঞ্জ জানাতেই এই বিকল্প ‘ভাণ্ডার’ প্রকল্পের ধারণা জনসাধারণের সামনে এনেছে। এই পরিস্থিতিতে, ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা হিসেবে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর প্রচার আসন্ন নির্বাচনে গ্রামীণ মহিলা ভোটারদের ভোটব্যাঙ্কে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। কেন্দ্রীয় অনুদান ও সামাজিক সুরক্ষার আশ্বাসে মহিলাদের এই সক্রিয় অংশগ্রহণ উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আনার ইঙ্গিত দিচ্ছে।