শূন্য বিদ্যুৎ বিল! ডবল ইঞ্জিন সরকারের গ্যারান্টি মোদীর।
পিএম সূর্য ঘর যোজনা সহ একাধিক প্রকল্পে মধ্যবিত্তকে স্বস্তি দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘পিএম সূর্য ঘর’ যোজনার ওপর বিশেষ জোর দিয়েছেন। তাঁর দাবি, এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবার সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর জন্য ৮০ হাজার টাকা পর্যন্ত সহায়তা পাবে, যার ফলে বিদ্যুৎ বিল শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে। পাশাপাশি, তিনি বিদ্যুতের পাশাপাশি রান্নার গ্যাসের খরচ কমাতেও একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর মতে, পাইপলাইনের মাধ্যমে বাড়িতে সস্তা গ্যাস পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে, যা জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে।
প্রধানমন্ত্রী রাজ্যের পরিকাঠামো উন্নয়ন ও জল সংকট মেটানোর বিষয়েও অঙ্গীকারবদ্ধ। তিনি পরিশ্রুত পানীয় জল প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়াকে নিজের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, কেন্দ্রে ও রাজ্যে “ডবল ইঞ্জিন” সরকার প্রতিষ্ঠিত হলে সাধারণ মানুষ দ্বিগুণ সুবিধা পাবেন। তাঁর আশ্বাস, রাজ্যে সরকার পরিবর্তন হলে তিনি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মিলে সমন্বয় সাধন করে প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ নিশ্চিত করবেন। এই তিনটি মৌলিক চাহিদা, অর্থাৎ বিদ্যুৎ, জ্বালানি এবং জল—এই বিষয়গুলিকে কেন্দ্র করে তিনি বাংলার মানুষের মন জয়ের কৌশল নিয়েছেন।