রাশিয়ার Su-57 যুদ্ধবিমান কি ভারতের আকাশে?
ভারতকে অত্যাধুনিক সু-৫৭ ফাইটার জেট যৌথভাবে তৈরির প্রস্তাব রাশিয়ার
রাশিয়া ভারতকে অন্তত ১০০টি পঞ্চম প্রজন্মের ‘সু-৫৭’ স্টিলথ ফাইটার জেট যৌথভাবে তৈরির প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের আওতায় শুধু যুদ্ধবিমান নয়, বরং পূর্ণাঙ্গ প্রযুক্তি হস্তান্তরের অঙ্গীকারও করেছে মস্কো। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (HAL) নাসিক কারখানায় এই উৎপাদন কার্যক্রম পরিচালিত হতে পারে। রাশিয়ার একটি কারিগরি দল ইতিমধ্যে নাসিকের পরিকাঠামো পরিদর্শন করেছে এবং তাদের মতে, বিদ্যমান সুবিধার প্রায় ৫০ শতাংশ ব্যবহার করেই সু-৫৭ তৈরি সম্ভব। পর্যায়ক্রমে এর দেশীয়করণ করার একটি রোডম্যাপও এই প্রস্তাবে অন্তর্ভুক্ত।
বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর ৪০টি স্কোয়াড্রনের প্রয়োজন থাকলেও হাতে রয়েছে মাত্র ৩০টি। এই ঘাটতি পূরণে রাশিয়ার প্রস্তাব অত্যন্ত আকর্ষণীয়। তবে, ভারত বর্তমানে দেশীয় প্রযুক্তিতে ‘তেজাস’ এবং পঞ্চম প্রজন্মের ‘এএমসিএ’ তৈরির কাজেও বিপুল বিনিয়োগ করছে। রাশিয়ার কাছ থেকে ১০০টি বিমান কেনার আর্থিক বোঝা এবং প্রযুক্তিগত নির্ভরতা ভারতের নিজস্ব স্টিলথ ফাইটার প্রজেক্টের গতি কমিয়ে দিতে পারে বলে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ রয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হলো এশিয়ার আকাশসীমায় ভারতের আধিপত্য নিশ্চিত করা এবং প্রতিরক্ষা ঘাটতি পূরণ করা।