শান্তিপূর্ণ ভোট, বুথে ১০০ মিটার लक्ष्मण রেখা!
নির্বাচনী বিধি কার্যকর: ভোটকেন্দ্রের চারপাশে ১০০ মিটার ‘লক্ষ্মণ রেখা’, নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ ওসি’র বরখাস্তের হুঁশিয়ারি
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন নজিরবিহীনভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ভোটগ্রহণের দিন প্রতিটি ভোটকেন্দ্রের চারপাশে ১০০ মিটার এলাকা জুড়ে একটি সুরক্ষা বেষ্টনী বা ‘লক্ষ্মণ রেখা’ তৈরি করা হবে। শনিবার রাজ্যের ১৬টি জেলার পুলিশ সুপার ও কমিশনারদের সঙ্গে এক বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই নির্দেশিকা জারি করেন। এই ‘লক্ষ্মণ রেখা’র ভেতরের এলাকায় প্রবেশ করতে হলে ভোটারদের কড়া তল্লাশি এবং পরিচয়পত্র যাচাইয়ের সম্মুখীন হতে হবে। ভুয়া ভোটদান বন্ধ করা এবং বুথের সামনে ভিড় নিয়ন্ত্রণ করে অবাধ ও স্বচ্ছ ভোট প্রক্রিয়া সম্পন্ন করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।
নির্বাচন কমিশন পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও চরম অসন্তোষ প্রকাশ করেছে। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ১০০ মিটারের এই গণ্ডি লঙ্ঘিত হলে বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিককে (OC) সরাসরি সাময়িক বরখাস্ত বা সাসপেন্ড করা হবে। এছাড়া, যেসব এলাকায় বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধার হবে, সেখানে দ্রুত ব্যবস্থা না নিলে ওসি’দের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। গত নির্বাচনের হিংসায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়ে কমিশন বুঝিয়ে দিয়েছে যে, ভোটকেন্দ্রে দুষ্কৃতী দমনে তারা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করছে। নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ওসি-কে সরাসরি সাসপেন্ড করবে কমিশন।