বাসর রাতেই ফাঁস! স্ত্রীর গোপন তথ্য, স্বামীর থানায় যাওয়ার কারণ কী?
শিবপুরিতে বাসর রাতে স্ত্রীর পরিচয় প্রকাশ, প্রতারণার অভিযোগ
মধ্যপ্রদেশের শিবপুরি জেলায় একটি বিয়ের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিয়ের পর বাসর রাতেই এক যুবক জানতে পারেন তার স্ত্রী একজন রূপান্তরকামী। এই ঘটনায় হতভম্ব স্বামী তৎক্ষণাৎ শ্বশুরবাড়িতে যোগাযোগ করেন এবং স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে যান। সেখানে শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে ওই নারী রূপান্তরকামী। ভুক্তভোগী যুবক পঙ্খী জাটভ পুলিশে দায়ের করা অভিযোগে জানিয়েছেন যে, বিয়ের আগে তাকে বা তার পরিবারকে কনের প্রকৃত পরিচয় জানানো হয়নি। ঘটনাটি জানাজানি হওয়ার পর তিনি স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিলেও, অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির সদস্যরা বিষয়টি মেনে না নিয়ে তাকে হুমকি দিচ্ছেন এবং স্ত্রীকে সঙ্গে রাখার জন্য চাপ দিচ্ছেন।
এই ঘটনাটি এখন আইনি লড়াইয়ের দিকে মোড় নিয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনীল রাজপুত জানিয়েছেন, স্বামী ও স্ত্রী উভয়েই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত নারী তার স্বামীর সাথে সংসার করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং খোরপোষের দাবি জানিয়েছেন। পুলিশ ও প্রশাসন বিষয়টি পারিবারিক আদালতে জানানোর পরামর্শ দিয়েছে, কারণ এই ধরনের আইনি ফয়সালা কেবল আদালতই করতে পারে।