তিন স্তরের নজরদারিতে সুপার সেনসিটিভ বুথ!
কোচবিহারে কড়া নিরাপত্তায় বিধানসভা নির্বাচন, ৩০০-র বেশি বুথ ‘অতি-সংবেদনশীল’
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে কোচবিহার জেলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষত, বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৩০০-র বেশি বুথকে ‘সুপার সেনসেটিভ’ ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রগুলিতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্বাচন কমিশন বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে।
নির্বাচন কমিশনে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোচবিহার জেলার মোট ২,৬৭৭টি বুথের মধ্যে ৩০০-র বেশি বুথকে ‘অতি-সংবেদনশীল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই বুথগুলিতে সাধারণের চেয়ে একটি অতিরিক্ত ক্যামেরা, অর্থাৎ মোট তিনটি ক্যামেরা বসানো হচ্ছে। এই ক্যামেরাগুলি জিপিএস প্রযুক্তির মাধ্যমে সরাসরি কুইক রেসপন্স টিমের (কিউআরটি) সঙ্গে যুক্ত থাকবে। এর ফলে যেকোনো অপ্রীতিকর ঘটনা বা যান্ত্রিক ত্রুটি দেখা দিলেই দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, জেলায় প্রায় ১ লক্ষ ২০ হাজার ৭২৫ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই বিপুল সংখ্যক বাদ পড়া ভোটারদের কেন্দ্র করে কোনো ধরনের গোলযোগ বা অশান্তি যাতে সৃষ্ঠি না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। অতীতের নির্বাচন, বিশেষ করে ২০২১ সালের শীতলখুচির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে এবার বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। জেলায় ১৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যার মধ্যে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি এবং পাঞ্জাব পুলিশের বিশেষ বাহিনীও রয়েছে। নির্বাচনের ৭২ ঘণ্টা পূর্বেই বুথ স্তরের সমস্ত নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।