হড়পা বানে ধূলিসাৎ দুধিয়া সেতু! শিলিগুড়ি-মিরিক যোগাযোগ বিচ্ছিন্ন!
পাহাড়ে মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে যোগাযোগ বিচ্ছিন্ন, জনজীবন বিপর্যস্ত
শনিবার বিকেলে আকস্মিক মেঘভাঙা বৃষ্টি হড়পা বানের সৃষ্টি করে পাহাড়ি এলাকাকে বিপর্যস্ত করে তুলেছে। আচমকা পাহাড়ি নদীগুলোর জলস্তর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। এই প্রবল স্রোতে পাহাড়ের একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
টানা বর্ষণে বালাসন নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করায় দুধিয়ার নবনির্মিত হিমপাইপ সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে মিরিক হয়ে দার্জিলিঙের সঙ্গে শিলিগুড়ি এবং সমতলের সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পর্যটন মরসুমের মুখে এই গুরুত্বপূর্ণ রুটটি বন্ধ হয়ে যাওয়ায় নিত্যযাত্রী ও পর্যটকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শনিবার রাতে অন্ধকারের কারণে সেতুর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসন অবিলম্বে ওই পথে যান চলাচল বন্ধ করে দিয়েছে। তবে, বর্তমান পরিস্থিতিতে ভূমিধসের আশঙ্কা আরও বাড়ছে এবং আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় সংস্কার কাজ শুরু করা চ্যালেঞ্জিং হবে।