গ্রেপ্তার হরিণঘাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রাজীব দালাল!
রিটার্নিং অফিসারকে হুমকির অভিযোগে গ্রেপ্তার হরিণঘাটার কাউন্সিলর রাজীব দালাল
রিটার্নিং অফিসারের সঙ্গে বচসা ও তাঁকে হুমকির দেওয়ার অভিযোগে হরিণঘাটা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দালালকে গ্রেপ্তার করেছে কল্যাণী থানার পুলিশ। গত ৯ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে নির্দল প্রার্থীর মনোনয়ন পেশকে কেন্দ্র করে রিটার্নিং অফিসারের সঙ্গে তাঁর বিবাদ বাঁধে। এই ঘটনার প্রেক্ষিতে দায়ের করা অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করার পর তাঁকে কল্যাণী মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, কাউন্সিলরের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই শুক্রবার সকালে কল্যাণী থানার সামনে জড়ো হন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। রাজীব দালালের নিঃশর্ত মুক্তির দাবিতে তাঁরা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। উল্লেখ্য, স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, এর আগেও রাজীব দালালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল।