ছত্তিশগড়ে ভয়াবহ বয়লার বিস্ফোরণ, বেদান্ত কর্তার বিরুদ্ধে মামলা দায়ের!
ছত্তিশগড়ের শক্তি জেলায় বেদান্ত গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার ঘটা এই দুর্ঘটনায় অর্ধশতাধিক শ্রমিক হতাহত হওয়ার ঘটনায় রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রাথমিক তদন্তে কারখানায় গুরুতর গাফিলতির প্রমাণ পাওয়ায় পুলিশ বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আগরওয়াল, ম্যানেজার দেবেন্দ্র প্যাটেলসহ ৮ থেকে ১০ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬, ২৮৯ এবং ৩-এর ৫ ধারায় এই মামলা রুজু করা হয়েছে।
পুলিশ ও ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী, কারখানায় যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণে চরম অবহেলা এবং মানহীন যন্ত্রপাতি ব্যবহারের তথ্য পাওয়া গেছে। বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বয়লারের সক্ষমতার তুলনায় অতিরিক্ত চাপ প্রয়োগ করা হয়েছিল, যেখানে ৩৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিপরীতে ৫৯০ মেগাওয়াটে উৎপাদন চালানো হচ্ছিল। এই অতিরিক্ত চাপের কারণেই উচ্চচাপের বাষ্প বহনকারী পাইপ ফেটে গিয়ে বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্তে অতিরিক্ত এসপির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে এবং জেলা প্রশাসনের উদ্যোগে উচ্চপর্যায়ের পৃথক তদন্ত শুরু হয়েছে। এছাড়া, রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করা হয়েছে।