সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশ, ট্রাইব্যুনালের ছাড়পত্র ছাড়া আর কোনো ভোট নয়!
ভোটের মুখে ভোটার তালিকা থেকে লক্ষাধিক নাগরিকের নাম বাদ পড়া নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, কেবল ট্রাইব্যুনালের চূড়ান্ত রায়ে নাম অন্তর্ভুক্ত হলেই একজন নাগরিক ভোট দেওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। শীর্ষ আদালতের ভাষ্য অনুযায়ী, কেবল ট্রাইব্যুনালে আবেদন করলেই ভোটাধিকার ফিরে পাওয়া সম্ভব নয়। সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদের অধীনে এই রায় প্রদান করায় তা কার্যকর করতে কোনো আইনি বাধা নেই।
আদালত প্রথম দফার ভোটের জন্য ২১ এপ্রিল এবং দ্বিতীয় দফার জন্য ২৭ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালের সিদ্ধান্তের একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে ট্রাইব্যুনাল নাম অন্তর্ভুক্ত করলে তবেই সংশ্লিষ্ট ব্যক্তি ভোট দিতে পারবেন; অন্যথায় ট্রাইব্যুনালে আবেদন অমীমাংসিত থাকলে বা বাতিল হলে ওই নাগরিক এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন না। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকায় প্রায় ৬০ লক্ষ ভোটার ‘বিবেচনাধীন’ ছিলেন, যার মধ্যে প্রায় ৩২ লক্ষ নাম ফিরে এলেও এখনো ২৭ লক্ষাধিক মানুষ ট্রাইব্যুনালের রায়ের অপেক্ষায় রয়েছেন।