দেবাশীষ কুমারের বাড়িতে আয়কর হানা, তোলপাড় ফেলা অভিযোগে চাঞ্চল্য!
মার্লিন গ্রুপের জমি ও ফ্ল্যাট সংক্রান্ত একটি প্রতারণা মামলার তদন্তে নেমে শুক্রবার সকাল থেকে কলকাতার অন্তত ছয়টি স্থানে অভিযান চালাচ্ছে আয়কর দপ্তর। এই অভিযানের অংশ হিসেবে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারের বাসভবন এবং তাঁর নিয়ন্ত্রণাধীন দুটি কার্যালয়ে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। ব্যবসায়ীদের মাধ্যমে বেআইনি অর্থ বিনিয়োগ এবং সেই টাকা সাদা করার অভিযোগের ভিত্তিতেই এই তৎপরতা শুরু হয়েছে বলে জানা গেছে।
আয়কর দপ্তরের এই অভিযানকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তজনা ছড়িয়েছে। যে কার্যালয়গুলোতে তল্লাশি চালানো হচ্ছে, তার একটি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের প্রাক্কালে বিরোধীদের চাপে ফেলতেই বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তবে তল্লাশি চলাকালীন অভিযানে এখন পর্যন্ত বড় কোনো অসংগতি বা নথি বাজেয়াপ্তের খবর পাওয়া যায়নি।